আব্দুল্লাহ আনছারী আকরাম
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার বিরুনীয়া মোড়-বিরুনীয়া বাজার সড়কে অসংখ্য খানাখন্দে যান চলাচলে বেঘাত ঘটছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা,আহত হচ্ছেন যাত্রীসাধারণ। সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন সড়কে চলাচলকারী যানবাহনের চালকসহ যাত্রীরা। জানা যায়, উপজেলার বিরুনীয়া মোড় থেকে বিরুনীয়া বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৬.৭৬০ কিলোমিটার। প্রতিদিনই বড় ছোট শত শত গাড়ি যাতায়াত করে ঔ সড়কে। আর এসব পরিবহনে যাতায়ত করেন ভালুকা উপজেলার, চান্দরাটি, মাহমুদপুর, কংশেরকুল, বিরুনীয়া এবং পাশের গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ। পাশাপাশি ঐ সড়কে প্রতিদিন চলাচল করে অসংখ্য মালবাহী ট্রাক। অথচ দেড় বছর ধরে ঐ সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে বিঘ্নিত হচ্ছে যানবাহনের চলাচল।
কথা হলে ওই সড়কে নিয়মিত চলাচলকারী অটোরিকশাচালক উপজেলার কংশেরকুল গ্রামের জাহাঙ্গীর আলম, বিরুনিয়া গ্রামের শাহজাহানসহ অনেকেই জানান, বিরুনীয়া মোড় থেকে মাহমুদপুর বাজার পর্যন্ত সড়কের তিন কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। সড়কের ঐ অংশে বিভিন্ন স্থানে এক থেকে দেড় ফুট গভীর গর্ত হয়ে আছে। মাহমুদপুরে ইউনিয়ন পরিষদের পাশের অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়। তা ছাড়া বছরখানেক আগে ভারি বর্ষণে কংশেরকুল এলাকায় সুতিয়া নদীর তীরে সড়কটির দেড় শত ফুট দেবে গিয়েছিল। মাটি ফেলে স্থানটি ভরাট করা হয়েছে। এখন সামান্য বৃষ্টি হলে ঐ স্থান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তারা আরোও জানান, নাজুক অবস্থার কারণে ঐ সড়কে প্রায়ই অটোরিকশা ও সিএনজি উল্টে দুর্ঘটনা ঘটে। চালক ও যাত্রীরা আহত হন।
বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হোসাইন জানান, সড়কটির বিষয়ে উপজেলা পরিষদের সভায় একাধিকবার আলোচনা হয়েছে। ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, সড়কটি মেরামতের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাব দেওয়া আছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে।


















