নয়া কাগজ
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ময়মনসিংহ সিটি ভোট: নিরপেক্ষতা রক্ষায় ইসির ৬ নির্দেশনা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ র্নিবাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ছয়টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এসব বলা হয়েছে।নির্দেশনায় বলা হয়, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা সবার নিকট সমুজ্জ্বল ও সমুন্নত রাখার লক্ষ্যে রিটার্নিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদেরকে এসব ব্যবস্থা নিতে হবে।

ছয় নির্দেশনায় যা বলা হয়েছে:

১) বিশেষ কোনো মহলের কোনো প্রকার প্রভাব বা হস্তক্ষেপ নির্বাচনের নিরপেক্ষতা যাতে ক্ষুণ্ণ করতে না পারে তা আইন, বিধিমালা ও আচরণ বিধিমালার আলোকে নিশ্চিত করা।

২) নির্বাচনের মতো একটি সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এমন কোনো কাজ করবেন না, যার দ্বারা তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় জনগণের নিকট হেয় প্রতিপন্ন হতে হয় এবং তারা যে পক্ষপাতদুষ্ট নন এমন ধারণা সৃষ্টির নিশ্চয়তা বিধানকল্পে প্রতিটি কাজে আইন ও বিধির যথার্থ প্রয়োগ ও অনুসরণ করা।

৩) জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে এলাকার জনগণের যৌথসভা অনুষ্ঠানের মাধ্যমে সকলকে ভোটদানে উদ্বুদ্ধ করা।

৪) ভোটদানের জন্য ভোটারগণ যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন সে উদ্দেশ্যে নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ভ্রাম্যমাণ ইউনিটগুলো কর্তৃক নিবিড় টহলদানের ব্যবস্থা নেওয়া।

৫) ঝুঁকিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং যে কোনো প্রকার অশুভ কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে সদা সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে কঠোর নির্দেশ প্রদান; এবং

৬) ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে ভোটারদের অবহিত করার জন্য নির্বাচনের পূর্বে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। আর ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর