দেশের কাগজ: সারাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সংঘর্ষ, বিপুল সংখ্যক হত্যা, আহতের ঘটনার পর দেশজুড়ে গণগ্রেফতারের ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের মাঝে। প্রতিদিনই রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এবার অন্যদের মতো শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন পরিচালক, অভিনয় শিল্পী ও নানা মাধ্যমের কলাকুশলীরা। বৃহস্পতিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে শিল্পীদের সমাবেশ করার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় পরে বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেন তারা। শিল্পীরা বলেন, সরকার যে বর্বর পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলনকে দমন করেছে, তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না।
‘কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমনপ্রক্রিয়া ও গুলিতে ছাত্র-জনতা হত্যার’ প্রতিবাদে অভিনয়শিল্পীদের মধ্যে বক্তব্য দেন মোশাররফ করিম। তিনি বলেন, আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা ঘরে বসে থাকার মতো অবস্থায় নেই। আমরা শান্তি চাই। রক্ত দেখতে চাই না। গোলাগুলি, রক্ত দেখতে চাই না। আমি ও আমরা সাধারণ মানুষ। আমরা শান্তি চাই।
এ সময় তাঁরা হত্যাকাণ্ডের নিন্দা, বিচার দাবি, গণগ্রেপ্তার বন্ধ করা, সরকারের সমালোচনা ও পদত্যাগ দাবি করে বিভিন্ন গান দেন। বৃষ্টিতে ভিজে শিল্পীরা আনন্দ সিনেমা হলের সামনের পশ্চিম পাশের সড়কের দুই পাশে ব্যানার-পোস্টার নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গান দিতে থাকেন দৃশ্যমাধ্যমের শিল্পী ও কলাকুশলীরা।

















