নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বায়েজিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মমিনপুর জঙ্গরা গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
বায়েজিদের বড় ভাই শাহিন জানান, বাড্ডা আফতাবনগর বটতলা এইচ ব্লক এলাকায় একটি নির্মাণাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় সাটারিংয়ের কাঠ খোলার সময় নিচে পড়ে যান বায়েজিদ। আহত অবস্থায় সহকর্মী শাহিনুরসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ওসি মো. ইয়াসিন গাজী নয়া কাগজকে জানান, নির্মাণকাজ করার সময় ভবনটির চতুর্থ তলা থেকে পড়ে যান বায়েজিদ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


















