নয়া কাগজ
শনিবার , ১১ জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় মৎস্য ও কুমির খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ১১, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

  • রোমান আহমেদ নকিব, ভালুকা (ময়মনসিংহ) :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা এলাকায় অবস্থিত ‘উদ্দীপন’ মৎস্য খামার ও ভালুকা কুমির খামার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাছ উৎপাদন কার্যক্রম, খামার ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি খামারসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় মৎস্য চাষিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পরে তিনি ভালুকা কুমির খামার পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ফিশ ও মিট প্রসেসিং সেন্টার, পাঙাস মাছের প্রজনন কেন্দ্র, মাছের রোগ নির্ণয় ও নিরাময় কেন্দ্র এবং মাছের খাদ্য পরীক্ষাগার স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় খামারি ও উদ্যোক্তারা যেমন উপকৃত হবেন, তেমনি কর্মসংস্থানেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু ও গোলজার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ভালুকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

 

সর্বশেষ - বিভাগীয় খবর