ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল তালিকা গ্রহণের পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভালুকাকে একটি আধুনিক উপ-শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, নির্বাচনপূর্ব বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভালুকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ করেছেন। স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, আলেম-ওলামা, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রস্তুত করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকায় দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে ওঠায় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিত কাঠামোর আওতায় আনা এবং আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খাল-নদী খনন ও পরিবেশ পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জনবহুল ভালুকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল প্রতিষ্ঠা এবং চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি সময়ের দাবি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাও অগ্রাধিকার পাবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভৌগোলিকভাবে ভালুকা অত্যন্ত সম্ভাবনাময় অবস্থানে রয়েছে। একদিকে যমুনা অঞ্চল, অন্যদিকে ভৈরব এবং রাজধানী ঢাকার নিকটবর্তী অবস্থান ও বিমানবন্দরের সঙ্গে সহজ যোগাযোগ—এসব সুবিধা কাজে লাগিয়ে ভালুকাকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করা সম্ভব। সড়ক ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই সংযোগ আরও জোরদার করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ভালুকাকে ঢাকার সন্নিকটে একটি পরিকল্পিত ও আধুনিক উপ-শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
#সফিউল্লাহ আনসারী


















