ভালুকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় মরহুম আলহাজ্ব আব্দুল হেলিম মন্ডল হলু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই হাজার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং হবিরবাড়ি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডেওয়াতলী এলাকায় দিনব্যাপী এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিনসহ মোট ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন যুবদল সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, যুবদল সহসভাপতি তাজ উদ্দিন, মোঃ সেলিম, মোঃ আব্দুল মতিন, মোঃ রাজু আহমেদ, কবি সফিউল্লাহ আনসারী, সাবেক ছাত্র নেতা আঃ কাইয়ুম, কারী আব্দুল মান্নান প্রমূখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল বলেন, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং এলাকাবাসীর জন্য বাস্তব সহায়তা হিসেবে কাজ করেছে।

















