শরীফুল ইসলাম তুতু
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মজনু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আমিনুল ইসলাম জানান, খুলনার শ্যামপুর থেকে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। একই পথে বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ফাঁসিতলা এলাকায় বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মজনু মিয়া মারা যায়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

















